এই গরমে শিশুদের ফ্যাশন এবং আরামের পোশাক
কিশোর বাংলা প্রতিবেদন : গরমের এই সময়ে সবচেয়ে বেশি দুর্ভোগে থাকে শিশুরা৷ এই গরমে শিশুদের ফ্যাশন এবং আরামের পোশাক নির্বাচন করাটা কম ঝামেলার নয়। এতে পোশাক আরামদায়ক না হলে অস্বস্তিতে ভোগে তারা৷ শিশুর পোশাকে আরামের বিষয়টি মাথায় রেখে দেশীয় বুটিক হাউসগুলোয় এখন বয়সভেদে নানা ধরনের পোশাকের আয়োজন দেখা যায়৷
শূন্য থেকে দুই বছর বয়সীদের জন্য : এক দিনের নবজাতক থেকে ছয় মাস বয়সী শিশুদের পোশাকে সবার আগে আরামের বিষয়টি প্রাধান্য দিতে হবে৷ এ ক্ষেত্রে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই বলে জানালেন নকশাবিদেরা৷ গরমের বিষয়টি মাথায় রেখে নবজাতকদের জন্য বৈচিত্র্যময় নকশার সুতি পোশাক দেখা গেল বুটিক হাউসগুলোতে।
ছেলে বা মেয়ের পোশাকে কাটছাঁটে তেমন একটা পার্থক্য নেই৷ বেশির ভাগ দোকানেই শিশুদের জন্য থাকছে এক ছাঁটের নিমা৷ কাপড়ের মধ্যে বেক্সি ফেব্রিকসের ব্যবহার বেশি৷ প্রিন্টের মধ্যে চেক ও ফ্লোরাল এবং নকশার ক্ষেত্রে হাতের কাজেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে৷
তিন থেকে আট বছর বয়সীদের জন্য: এই বয়সীমেয়েশিশুদের জন্য ফ্রক বা টপ এবার বেশি চলছে। গলার নকশায় থাকছে বৈচিত্র্য৷ জামার ওপর থাকছে আলাদাভাবে বসানো রাউন্ড কলার৷ প্রিন্টের মধ্যে চেকের প্রাধান্যই বেশি দেখা যাচ্ছে এবার। আবার একরঙা দেশি তাঁতের কাপড়ের ওপর থাকবে নানা ধরনের পশুপাখির মোটিফ৷


