সাফল্য

অ্যাপিকটা পুরস্কার জিতল ‘টেন মিনিট স্কুল’

কিশোর বাংলা প্রতিবেদন: অ্যাপিকটা পুরস্কার জিতল ‘টেন মিনিট স্কুল’। এশীয় প্রশান্ত মহাসাগরীয় এ অঞ্চলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথমবারের মতো ই-লার্নিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের আয়মান সাদিকের তৈরি ‘টেন মিনিট স্কুল’ এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতায় মোট ১৭টি ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ চারটিতে চ্যাম্পিয়ন হয়েছে হংকং। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এছাড়াও থাইল্যান্ড ও চীন সমান দুটি করে ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে।

স্বাগতিক বাংলাদেশ সর্বোচ্চ ১৪টি ক্যাটাগরিতে সম্মানসূচক মেরিট পুরস্কার জিতেছে। ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ১৫টি দেশ অংশগ্রহণ করে।

২০১৫ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অ্যাপিকটার সদস্য পদ লাভ করে। তার মাত্র দু্ই বছরের মাথায় বাংলাদেশ একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হল।

রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অ্যাপিকটাভুক্ত ১৫টি দেশ- অস্ট্রেলিয়া, ব্রুনেই দারুসসালাম, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। অনুষ্ঠানে বিচারক, ইকোনমিক কো-অর্ডিনেটর, মনোনয়নপ্রাপ্ত অংশগ্রহণকারির সংখ্যা দেশি-বিদেশিসহ ছয় শতাধিক।