অনাথ শিশুদের পাশে ‘মানব কল্যাণময়ী অনাথালয়’

কিশোর বাংলা প্রতিবেদন: কেউ জন্মের আগে বা পরে হারিয়েছে বাবা-মা। আবার কেউ জানেই না নাম-পরিচয়। অথচ ছোট্ট এই শিশুদের চোখেমুখে কতো স্বপ্ন। পথে-স্টেশনে পড়ে থাকা এমনই সব অনাথ শিশুদের মুখে হাসি ফেরাচ্ছে ‘মানব কল্যাণকামী অনাথালয়’।
১৯৯৬ সালে নেত্রকোনার চন্ডিগড়ে মানবসেবার এ আশ্রম গড়ে তোলেন নিত্যানন্দ গোস্বামী।
যেখানে প্রথমেই শৃঙ্খলা, জীবনবোধ ও সততার শিক্ষা পাচ্ছে আশ্রিত শিশুরা। তিনবেলা ভালো খাবারের পাশাপাশি আশ্রমের স্কুলে দেয়া হয় অক্ষর জ্ঞান। পরে যাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার দায়িত্ব নেয়া হয়।
মানব কল্যাণকামী অনাথালয়’র শিক্ষক নাজমুল তুহিন বলেন, মানবজনম সফল হতে পারে একমাত্র মানব ও জীবের প্রতি দয়ার মাধ্যমে। আমরা এখন শতাধিক শিশুকে নিয়ে কাজ করছি। আমাদের ইচ্ছা দেশব্যাপী কাজ করে যাওয়ার।
শিক্ষার পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজন বিনোদনের খোরাক যোগায় আশ্রিতদের। শেখানো হয় নাচ-গান। শুরুর দিকে নানা প্রতিবন্ধকতা থাকলেও ধীরে ধীরে বেড়েছে পরিধি। যোগ হয়েছে দাতব্য চিকিৎসা কেন্দ্র। যেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন দরিদ্র ও দুস্থরা।